সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

শাহবাগ আন্দোলন ও কিছু প্রাপ্তি


শাহবাগ চত্ত্বরে অনেকগুলো জটলা। দলবদ্ধভাবে চলছে প্রতিবাদ। গতকালের মতোই আমি যেখানে পাচ্ছি সেখানে যাচ্ছি। বুকে প্রতিবাদী টি-শার্ট ঝুলিয়ে স্লোগানের সমবেত উচ্চারণে কন্ঠ মেলাচ্ছি। জাদুঘরের সামনে গিয়ে দেখি 'জাতীয় স্বার্থে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট'দের ব্যানার। অনেকক্ষণ অপেক্ষা করলাম চেনা মুখের খোঁজে। নাহ, কাউকে চিনতে পারলাম না। তবুও সমবেত স্লোগানে অংশ নিলাম। বছর দুয়েক ধরে ব্লগিং করলেও আমি বাংলা ব্লগের কোন কেউকেটা নই। আমাকে কেউ চিনবে এই আশাও করিনি। তবুও এই আন্দোলনের একজন হিসেবে আমার বুকভরে যাচ্ছিলো। গর্ব হচ্ছিলো এই মানুষদের নিয়ে।

মানুষ আমার খুব প্রিয় বিষয়। প্রচন্ড ভীড়েও একটা আনকোরা নির্জনতা অনুভব করা যায় চুপচাপ পাশ কাটিয়ে যাওয়া মানুষের স্রোতে নিরীক্ষণ করে। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আত্মপ্রত্যয়ের স্রোত। ডুবোচরে প্রায়দৃশ্য একটা ক্ষোভের পূর্ণাংগ বিস্ফোরণ যেন দেখলাম। মানুষ নাকি নীরব থেকে সরব হওয়ার চেয়েও ভালোভাবে মনের ভাব প্রকাশ করে। কথাটার সত্যতা টের পেলাম চোখের ভাষায়, চোয়ালের দৃঢ়তায়। মানুষ জেগেছে। বিনা প্ররোচনায় মানুষ আসছে। উদ্দীপনা হতভাগা দেশটার মানচিত্র। সুন্দরতম জাতীয় সংগীত। বারবার স্বপ্নভঙ্গের পুরনো অভিশাপ মানুষকে প্রতিবাদী করে তুলেছে। ভিড়ভাট্টা সচেতনে এড়িয়ে চলা মানুষটিও এসেছেন সপরিবারে। প্রিয় মানুষের আঙ্গুল মুঠোবন্দি করে এসেছে প্রেমিক যুগল। ছিন্নমূল শিশুটিও স্লোগানে গলা মেলাচ্ছে। মোমবাতির নিভু নিভু সলতে সযত্নে আগলে রাখছে পরম মমতায়।

বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি আমার। তোমাকে মায়ের মতোই কখনো বলতে পারিনি ভালোবাসি। স্কুলে জাতীয় সংগীতের সময় ঠাঁয় দাঁড়িয়ে থেকেছি। সিনেমা হলে, জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে দাঁড়িয়ে যথাযথ সম্মান দেইনি তোমাকে। কদর্য রাজনীতির তীব্র বিষে নীল হয়ে মুখর হয়েছি তোমার সমালোচনায়। খেলার মাঠের পরাজয়ে অভিমানে বালিশ ভিজিয়েছি অনেকবার। উন্নত বিশ্বের মিডিয়া প্রসূত খোয়াবে তোমাকে ভুলেছি অনেকবার। মা আমার, তোমার বিপদের দিনে আমরা এসেছি। বুকের গহীনে লুকনো আমাদের ভালোবাসার কুঁড়িগুলো আজ শক্ত বৃন্তের যৈবতী ফুল। হৃদয়ের টান আমাদের আজ দাঁড় করিয়েছে শাহবাগে। ততদিন মাথা নোয়াবো না যতদিন 'কাদের মোল্লা'র মতো নৃশংস কসাই পা ফেলবে তোমার পবিত্র শরীরে। জয় বাংলা!



আমার চোখে শাহবাগ ও তার প্রতিক্রিয়ায় সারা দেশে চলমান আন্দোলনের প্রাপ্তি দু'টি।

একঃ আমাদের প্রজন্ম। যাদের রাজনীতি বিমুখ তথাকথিত 'ডিজ্যুস' বলে অযাচিত ট্যাগ লাগানো হয়েছিলো। আমার বন্ধুতালিকার মানুষগুলোর অধিকাংশই বর্তমান প্রজন্মের। ইংরেজি মাধ্যমের 'ইয়ো ম্যান' টাইপের ছেলেটি বা মেয়েটিও বুকের ভেতর লুকিয়ে রাখা আবেগ প্রকাশিত করেছে এই আন্দোলনে। সবসময় রাজনীতি বা দেশ নিয়ে অনলাইনে আলোচিত ইস্যুগুলো একসময় সংগোপনে এড়িয়ে চলা ছেলে-মেয়েগুলো কোন লুকোছাপা ছাড়াই জানিয়ে দিচ্ছে তাদের পরিবর্তিত মনোভংগি। অসংখ্য সোচ্চার কন্ঠের সাথে কন্ঠ মেলাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে। আমাদের প্রজন্ম নিয়ে আমার গর্ব হয়। এই প্রজন্মের একজন হিসেবে আমি গর্বিত।

দুইঃ পুরনো ব্যাপার। বন্ধুতালিকায় ঘাপটি মেরে থাকা কিছু ছাগলের ল্যাঞ্জা! এইটাও প্রাপ্তি। এরা সুশীলতার ভেক ধরে এই আন্দোলনে জল ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে। এদের যেখানে পেয়েছি গদাম দিয়েছি। এখনো দিচ্ছি। এরা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তথাকথিত শিক্ষিত। তবুও এদের চিন্তার বিকৃতি আমার প্রতিটি লোমকূপে কাঁপন ধরায়। এই রাষ্ট্র, এই জাতিতে আসলে তাদের বিশ্বাস নেই- এটা মেনে নিতে আমাকে বিস্মিত হতে হয়। যাই হোক, দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। এখন ধরে ধরে তাদের উপযুক্ত আস্তাকুঁড়ে তাদের নিক্ষেপ করার পালা।

জয় আমাদের হবেই। বাঙালি শেষমেষ জয়টাই ছিনিয়ে আনে। জয় শাহবাগের বিপ্লবী জনতা। জয় বাংলা।

লিখেছেনঃ জিশান নিয়াজ